প্রতিটি মুহূর্ত কাটে তন্দ্রাচ্ছন্ন চোখে
প্রতিটি মুহূর্ত কাটে তন্দ্রাচ্ছন্ন চোখে - অ না ক ১৫/০১/২০১৭
আমার প্রতিটি মুহূর্ত কাটে তন্দ্রাচ্ছন্ন চোখে,
নুয়ে পড়া ঘাড়, একটা বাক্যহীন খিদে
আকাশ আমার কাছে এখন বিস্মৃতপ্রায় অলৌকিক বস্তুর মত ।
আমার দৃষ্টি বাধা পড়ে আছে শুধু নোংরা আবর্জনার দিকে ।
আমার বিচরণ ক্ষমতা নেই, কাঁধে অসহ্য যন্ত্রণা
আমার শরীরের ওপর কে যেন বসিয়ে দিয়েছে
একটা বিশাল ওজনের জগদ্দল পাথর –
মাথা নাড়ানোর সাধ্য নেই আমার ।
কিন্তু সেদিন এসব কিছুর অবসান হ’ল আকস্মিক ভাবে ।
কে যেন বৃষ্টির মত শীতল জল ছিটিয়ে দিল আমার শরীরে
যে জরা আমার শরীরের বর্ণ ধূসরিত করেছিল
সব কিছু থেকে আমি মুহূর্তে মুক্ত হলাম ।
এখন, শেষ পর্যন্ত, আমার সর্বক্ষণের তন্দ্রাচ্ছন্নতা থেকে
আমি সম্পূর্ণ জেগে উঠেছি ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন